শনিবার

,

১১ই এপ্রিল, ২০২৬

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার প্রবাসী বাংলাদেশিরা মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে নির্বাচন কমিশনের (ইসি) চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ শুরু হয়েছে।

ইসির এক বার্তায় জানানো হয়েছে, প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন। ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালটসহ হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বুধবার (২১ জানুয়ারি) সকালে সাংবাদিকদের জানান, মোবাইল অ্যাপে নিবন্ধিত ভোটাররা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ভোট দিতে পারবেন। তারা নিজ উদ্যোগে অথবা ইসির ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক দেখে ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, অ্যাপে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা থাকায় একজনের ভোট অন্যজন দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও নিশ্চিত করা হয়েছে।