বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকা আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকায় অবৈধভাবে অবস্থান করার অভিযোগে আটক হওয়া একদল বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার (২ আগস্ট) দেশটির একটি সামরিক বিমানে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনে কর্মরত বাংলাদেশের এক কূটনীতিক।

তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের মতো বাংলাদেশি নাগরিকদেরও নিয়মিতভাবে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

তবে এবার কতজন বাংলাদেশি ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। কর্মকর্তারা ধারণা দিয়েছেন, কমবেশি ৫০ জন থাকতে পারেন ওই দলে। যদিও অতীত অভিজ্ঞতা বলছে, ঘোষিত সংখ্যার চেয়ে বাস্তবে ফেরত পাঠানো ব্যক্তির সংখ্যা অনেক কম হয়।

আমেরিকায় আটকপ্রাপ্তদের মধ্যে যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাঁদের দ্রুত পাঠানো হচ্ছে। যাঁদের পাসপোর্টের মেয়াদ শেষ বা নেই, তাঁদের জন্য বাংলাদেশের দূতাবাস একমুখী ট্রাভেল পারমিট (টিপি) ইস্যু করছে। আবার যাদের পরিচয় নিশ্চিত করার মতো কোনো বৈধ কাগজ নেই, তাঁদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করে পরে টিপি দেওয়া হচ্ছে।

এই বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর—পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়—আমেরিকা মিশনের পক্ষ থেকে আগেই অবহিত করা হয়েছে। ফেরত পাঠানো বাংলাদেশিরা শনিবার সকালেই দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, অভিবাসন নীতির এই কড়াকড়ি এবং নিয়মিত ফেরত পাঠানো কার্যক্রম অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি সতর্কবার্তা। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে অবস্থান করা ভবিষ্যতে আরও কঠিন হয়ে উঠতে পারে।