নিউ ইয়র্কের বাফেলোর নায়াগ্রা ফলস এলাকায় বাসা ভাড়া দেওয়ার নামে চরম প্রতারণার অভিযোগ উঠেছে এক প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে।
ভুক্তভোগী এক পরিবারের অভিযোগ, ‘আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প’ নামের ফেসবুক গ্রুপে জসিম উদ্দীন নামে এক ব্যক্তির দেওয়া বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে তারা নায়াগ্রা ফলসে গিয়ে প্রতারিত হয়েছেন।
পরিবারটি জানায়, ফেসবুকে সাজানো-গোছানো, ঝকঝকে ছবিতে আকৃষ্ট হয়ে তারা ওই বাসা ভাড়া নেন। কিন্তু বাস্তবে গিয়ে দেখেন, বাসাটি অস্বাস্থ্যকর, ভাঙাচোড়া এবং বসবাসের একেবারেই অযোগ্য। এমনকি বাড়িটি এক সময় ‘ফিউনরাল হোম’ (মৃতদেহ রাখার স্থান) হিসেবে ব্যবহৃত হতো বলেও দাবি করেন তারা।
অভিযোগ জানানো হলেও ভাড়ার পুরো টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যদিও অভিযুক্ত জসিম উদ্দীন বাড়িটি ‘ফিউনরাল হোম’ হিসেবে ব্যবহারের কথা অস্বীকার করেছেন, তবে গুগল ম্যাপে বাড়িটির আগের তথ্য সেই দাবিরই প্রমাণ দিচ্ছে।
নায়াগ্রা ফলস—প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জনপ্রিয় পর্যটন স্পট। শুধু পর্যটকদের নয়, প্রবাসী বাংলাদেশিদের কাছেও এটি জনপ্রিয়। কিন্তু সেই জায়গাই যখন প্রতারণার ফাঁদে পরিণত হয়, তখন মেলে শুধু হতাশা আর ক্ষোভ।
এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, একজন প্রবাসী আরেকজন প্রবাসীকে এভাবে প্রতারণার জালে ফেললে মানুষের ভরসার জায়গা কী? এ ধরনের জালিয়াতি রোধে ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপগুলোর অ্যাডমিনদেরও আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই ঘটনা শুধু একটি পরিবারের নয়—এটি একটি বার্তা। ফেসবুকের ঝলমলে ছবির আড়ালে থাকতে পারে ভয়াবহ বাস্তবতা। তাই বাসা ভাড়া নেওয়ার আগে যাচাই-বাছাই, সরাসরি যোগাযোগ এবং নির্ভরযোগ্য উৎসের ওপর নির্ভর করাই শ্রেয়।



