বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশি ফেরত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ জন বাংলাদেশিসহ মোট ৯৯ জন বিদেশি যাত্রীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

স্থানীয় সময় শুক্রবার বিমানবন্দরের টার্মিনাল-১-এ সাত ঘণ্টাব্যাপী একটি বিশেষ অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

এ অভিযানে ৪০০ জনেরও বেশি যাত্রীর পরিচয়পত্র, যাত্রার উদ্দেশ্য, কাগজপত্র ও অন্যান্য তথ্য খুঁটিয়ে যাচাই করা হয়। যাদের কাগজপত্র সন্দেহজনক কিংবা নিরাপত্তার দৃষ্টিকোণে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটগুলোকে কেন্দ্র করেই এই অভিযান চালানো হয়েছে। কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে করে অবৈধ অনুপ্রবেশ কিংবা মানব পাচার প্রতিরোধ করা যায়।

এক বিবৃতিতে এজেন্সির করপোরেট কমিউনিকেশন ইউনিট জানায়, ‘প্রবেশে বাধাপ্রাপ্তদের সবাই পুরুষ। তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিক। ভ্রমণের কারণ সন্দেহজনক ও অতীত ভ্রমণ রেকর্ডে অসংগতি থাকায় তাদের অভিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হতে দেওয়া হয়নি।’

এর আগে বৃহস্পতিবার প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া।