বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইইউতে অবৈধ পথে অভিবাসনে শীর্ষে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চলতি বছরের প্রথম ছয় মাসে অবৈধ পথে অভিবাসনে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইউরোপের সীমান্ত নিরাপত্তা সংস্থা ফ্রন্টেক্স জানায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইইউর বহিঃসীমান্ত দিয়ে প্রবেশ করেছেন প্রায় ৭৫ হাজার ৯০০ জন অভিবাসনপ্রত্যাশী। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি।

ফ্রন্টেক্স জানায়, পূর্ব ভূমধ্যসাগরীয় ও পশ্চিম আফ্রিকান রুটে আগমন উল্লেখযোগ্য হারে কমলেও মধ্য ভূমধ্যসাগরীয় রুট এখনো ব্যস্ত। শুধু এই রুটেই ২৯ হাজার ৩০০ জন অভিবাসনপ্রত্যাশী ইউরোপে প্রবেশ করেছেন, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি।

এই বিপজ্জনক সমুদ্রযাত্রায় লিবিয়া এখনো প্রধান ট্রানজিট দেশ। দেশটির উপকূল থেকে ২০ হাজার ৮০০ অভিবাসী ইতালিতে পৌঁছেছেন, যা আগের বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি। পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটেও অভিবাসী আগমনের হার বেড়েছে ১৯ শতাংশ, যেখানে পাচারকারীরা উত্তর আফ্রিকার বদলে নতুন রুট হিসেবে আলজেরিয়া হয়ে অভিবাসীদের পাঠাচ্ছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত ইতালিতে অনিয়মিতভাবে প্রবেশ করেছেন ৩১ হাজার ৯৪৮ জন। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন ১০ হাজার ৩১১ জন, যা মোট প্রবেশকারীর ৩২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরিত্রিয়া (৪ হাজার ৪৬১ জন) ও তৃতীয় মিসর (৩ হাজার ৭২৩ জন)। এছাড়া পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, সিরিয়া, সোমালিয়া, গিনি, নাইজেরিয়া ও মালি থেকেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন।

এদিকে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগরে ৭৬০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বিশেষজ্ঞদের মতে, ইউরোপে প্রবেশের আশায় অনিশ্চিত ও বিপজ্জনক পথ বেছে নেওয়া অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা কিছুটা কমলেও বাংলাদেশিদের প্রবণতা বরং বেড়েছে। ট্রানজিট দেশগুলোর সঙ্গে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা বাড়লেও বাংলাদেশি অভিবাসনপ্রবণতা এখনো উদ্বেগজনক হারে রয়েছে।