বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

যেকোন সময় ইরানে হামলা, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। প্রয়োজন হলে শনিবার থেকেই হামলা শুরু করা সম্ভব জানিয়েছে পেন্টাগন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। 

প্রশাসনের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছে, আলোচনা এখনো চলমান। সামরিক প্রস্তুতি থাকলেও তাৎক্ষণিক হামলার নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা।

সম্ভাব্য অভিযানের আগে মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কূটনৈতিক কর্মীকে সাময়িকভাবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হচ্ছে।

পেন্টাগনের কর্মকর্তাদের ভাষ্য, সম্ভাব্য ইরানি পাল্টা হামলার ঝুঁকি বিবেচনায় এটি সতর্কতামূলক পদক্ষেপ। তবে এ ধরনের পুনর্বিন্যাস সামরিক প্রস্তুতির অংশ—এটি হামলার অবশ্যম্ভাবিতা নির্দেশ করে না।

এদিকে অঞ্চলে শক্তি প্রদর্শন জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

দ্বিতীয় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও অঞ্চলটির দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফোর্ড পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে ছিল। মার্চের মধ্যভাগের মধ্যে মোতায়েনকৃত সব মার্কিন বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সামাজিক মাধ্যমে মার্কিন রণতরী ফোর্ডকে সমুদ্রের তলদেশে দেখানো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত ছবি প্রকাশ করেছেন। বার্তায় তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের চেয়েও বিপজ্জনক অস্ত্র ইরানের হাতে রয়েছে।