আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। সীমান্তে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার জেরে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে দুই দেশের মধ্যে।
এর মধ্যেই কাবুল ও কান্দাহারসহ একাধিক এলাকায় পাকিস্তানের হামলার খবর পাওয়া গেছে। পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক কঠোর ভাষার পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পাকিস্তানি সেনাদের ওপর হামলার পর পাকিস্তান আফগানিস্তানের কয়েকটি বড় শহরে ধারাবাহিকভাবে ব্যাপক হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতেই খাজা আসিফের এই বক্তব্য আসে। তিনি লেখেন, ‘পাকিস্তান সরাসরি ও বন্ধু দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণমাত্রার কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমাদের ও তোমাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ।’
এর আগে প্রাণঘাতী সংঘর্ষের ধারাবাহিকতার পর গত অক্টোবরে দুই পক্ষ একটি নড়বড়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও বিচ্ছিন্ন লড়াই জারি ছিল সবসময়।
এদিকে বার্তাসংস্থা এএফপির একটি দল জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে শহরের বিভিন্ন স্থানে ফাইটার জেট বিমানের শব্দের সঙ্গে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। কাবুলের প্রাণকেন্দ্রে রাত আড়াইটা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেছে বলেও তারা জানিয়েছে।




