চলমান উত্তেজনা কমাতে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে বসলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে আক্রমণের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন।
তিনি আবারও বলেছেন, ইউরেনিয়াম উত্তোলন থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যন্ত বিভিন্ন ইস্যুতে ইরান যদি তার শর্ত মেনে না নেয়, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
গত মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো আমাদের খুব কঠোর কোনো পদক্ষেপ নিতে হবে।’
সাম্প্রতিক সময়গুলোয় ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর কথা বারবার বলছেন। এরই মধ্যে ইরানের কাছাকাছি জলসীমায় বিশাল নৌবহর পাঠিয়েছেন ট্রাম্প। এ নৌবহরে ইউএসএস আব্রাহাম লিংকন নামের একটি বিমানবাহী জাহাজও আছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরি পাঠানোর কথাও ভাবছেন। এমন অবস্থায় ইরানের উপর মার্কিন হামলার আশঙ্কা আর বাড়ছে।
গত জানুয়ারি থেকে ট্রাম্প ইরানের ওপর চাপ আরও বৃদ্ধি করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনারা যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত আছে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার চেয়ে আরও বাড়ছে।




