বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্রতিরক্ষা খাতে যারা বেশি বিনিয়োগ করবে, তারাই আগে পাবে মার্কিন অস্ত্র – ট্রাম্পের বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিশ্বের অস্ত্র বাজারে যুক্তরাষ্ট্র বরাবরই প্রধান খেলোয়াড়। তবে এবার সেই বাজার পরিচালনার নিয়মেই বড় পরিবর্তনের ঘোষণা। প্রতিরক্ষা খাতে যারা বেশি বিনিয়োগ করবে, তাদেরই আগে পাবে মার্কিন অস্ত্র— এমন নির্দেশনায় স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, এই সিদ্ধান্ত শুধু বৈশ্বিক নিরাপত্তা নয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকেও নতুন করে শক্ত ভিত দেবে।

বিশ্ব রাজনীতির উত্তাল সময়ে অস্ত্র বিক্রির কৌশলে বড় রদবদল আনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— প্রতিরক্ষা খাতে যারা বেশি অর্থ ব্যয় করে এবং ভূ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, মার্কিন অস্ত্র বিক্রির ক্ষেত্রে তারাই পাবে অগ্রাধিকার। ‘আমেরিকা ফার্স্ট আর্মস ট্রান্সফার স্ট্র্যাটেজি’ নামের এই নির্দেশনা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অস্ত্র বিক্রির নীতিতে এক উল্লেখযোগ্য মোড়।

এই নতুন কৌশলের মূল লক্ষ্য, আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর কাছে দ্রুত অস্ত্র পৌঁছে দেওয়া। একই সঙ্গে বিদেশে অস্ত্র রপ্তানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদন সক্ষমতা জোরদার করা। যদিও নির্বাহী আদেশে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বার্তা পরিষ্কার— নিরাপত্তায় বিনিয়োগ না করলে অগ্রাধিকার মিলবে না। হোয়াইট হাউসের তথ্যপত্রে বলা হয়েছে, ভবিষ্যতের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থই হবে প্রধান বিবেচ্য।

প্রসঙ্গত, ২০২৫ সালে ন্যাটো দেশগুলোর নেতারা নিজ নিজ জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের অঙ্গীকার করেন। একই সঙ্গে ন্যাটোভুক্ত কোনো দেশ হামলার শিকার হলে সম্মিলিত প্রতিরক্ষার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিকে সেই বাস্তবতার সঙ্গেই মিলিয়ে দেখছেন বিশ্লেষকরা। কারণ, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিতে চায়— নিরাপত্তার দায় ভাগ না করলে সুবিধাও মিলবে না।

নতুন কৌশলের আওতায় কোন কোন অস্ত্র ও সামরিক ব্যবস্থা অগ্রাধিকার পাবে, তা নির্ধারণ করবেন মার্কিন প্রতিরক্ষা, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীরা। একই সঙ্গে কোন কোন দেশে অস্ত্র বিক্রির সুযোগ আছে, তাও চিহ্নিত করা হবে। হোয়াইট হাউস বলছে, আগের ‘পার্টনার ফার্স্ট’ নীতির কারণে উৎপাদন জট ও সরবরাহে দেরি হচ্ছিল। নতুন সিদ্ধান্তে আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ হবে, নজরদারি বাড়বে, আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প পাবে নতুন গতি।