বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান: আল জাজিরার রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন সংকট এড়াতে আঞ্চলিক মধ্যস্থতার প্রচেষ্টা চললেও আমেরিকা ইরানে সামরিক অভিযানের হুমকি অব্যাহত রেখেছে। এর জবাবে ইরানি কর্তৃপক্ষও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা দেশ রক্ষায় পূর্ণ প্রস্তুত। শুক্রবার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার তুরস্কের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠকে বসবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, তেহরান পারস্পারিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায়। আঞ্চলিক নেতাদের বিশ্বাস, এই বৈঠকের মাধ্যমে তুরস্ক আমেরিকাকে ইরানে হামলা না চালাতে রাজি করাতে পারে।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আমেরিকার বিশাল নৌবহর ইরানের সমুদ্রসীমার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি ইরানের সরকার পরিবর্তন ও সামরিক হামলার ইঙ্গিতও দেন। অন্যদিকে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা বারবার জানাচ্ছেন, তারা আলোচনায় নয় বরং প্রতিরোধে প্রস্তুত।

তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আমেরিকার সঙ্গে আলোচনা এখন ইরানের অগ্রাধিকার নয়; বরং দেশকে রক্ষার জন্য তারা “২০০ শতাংশ প্রস্তুত।” সাম্প্রতিক সময়ে ইরান তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে। গত জুনে ১২ দিনের যুদ্ধের পর থেকে একাধিক সামরিক মহড়া চালানো হয়েছে। বৃহস্পতিবার ইরানি বাহিনী ঘোষণা দিয়েছে, সেনাবাহিনীতে নতুন কৌশলগত এক হাজার ড্রোন যুক্ত করা হয়েছে, যার মধ্যে আত্মঘাতী ড্রোনও রয়েছে।

ইরানের সেনাবাহিনীর কমান্ডার আমির হামাতি বলেন, হুমকির অনুপাতে সেনাবাহিনী দ্রুত যুদ্ধের জন্য কৌশলগত সুবিধা বজায় রাখবে এবং যেকোনো আগ্রাসনের প্রতি দৃঢ় প্রতিক্রিয়া জানাবে।

সরকারপন্থী সাধারণ মানুষও যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন। এক তরুণী আল জাজিরাকে বলেন, “আমেরিকা ইরানের কিছু করতে পারবে না। তারা যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, ইরান চূড়ান্ত জবাব দেবে।”

এদিকে বেসামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের নির্দেশ দিয়েছেন যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে খাদ্য আমদানি নিশ্চিত করতে। একই সঙ্গে বিমান হামলার সময় জনগণের জন্য আশ্রয়স্থল তৈরির বিষয়েও গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।