বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশে আমেরিকার নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত আমেরিকার নাগরিকদের জন্য ‘সিকিউরিটি অ্যালার্ট’ (নিরাপত্তা সতর্কতা) জারি করেছে ঢাকার আমেরিকান দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার আশঙ্কা থাকতে পারে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচিও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস। তাই আমেরিকার নাগরিকদের বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি রাত পর্যন্ত। এ কারণে ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীর সেবা দেবে।

দূতাবাসের সতর্কতায় আমেরিকার নাগরিকদের জন্য করণীয় হিসেবে বলা হয়েছে—বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা; সবসময় আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা; স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা; কম চোখে পড়ার মতো আচরণ বজায় রাখা; জরুরি যোগাযোগের জন্য চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখা; ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা; বিকল্প যাতায়াতের পথ আগেভাগে নির্ধারণ করা; এর আগে গত বছরের ১৫ ডিসেম্বরও বাংলাদেশে অবস্থানরত আমেরিকার নাগরিকদের জন্য অনুরূপ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার আমেরিকান দূতাবাস।

শুধু আমেরিকা নয়, পশ্চিমা আরও কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে।