গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে গাভদোস উপকূলে পৃথক দুটি অভিযানে প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি গ্রিসের কয়েকটি গণমাধ্যমে এসব তথ্য উঠে এসেছে।
গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী ও শিশুও ছিলেন। পরে সবাইকে নিরাপদ বন্দরে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাই চলছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া নৌযানগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ছিলেন।
গ্রিক প্রশাসনের মতে, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাঠাচ্ছে। এ ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বৃদ্ধি পেয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় নজরদারি ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করেছে গ্রিক কোস্টগার্ড।



