বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বহিষ্কারাদেশে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় প্রায় একশ বাংলাদেশি শ্রমিক আইনি লড়াইয়ে বড় সাফল্য অর্জন করেছেন। দেশটির হাইকোর্ট তাদের জোরপূর্বক বহিষ্কার ও দেশে ফেরত পাঠানোর ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিচারক তুয়ান হালদার আব্দুল আজিজ ‘মেডিসেরাম এসডিএন বিএইচডি’ নামের একটি গ্লাভস মোল্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই এক্স-পার্টি ইনজাংশন জারি করেন। ফলে শিল্প আদালত ও দেওয়ানি আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শ্রমিকদের ফেরত পাঠানো যাবে না।

আদালতের আদেশ অনুযায়ী, অবিলম্বে ৯৩ জন শ্রমিকের পাসপোর্ট ও অন্যান্য ব্যক্তিগত নথিপত্র ফেরত দিতে হবে। পাশাপাশি তাদের ওয়ার্ক পারমিট বা সাময়িক কর্মসংস্থান ভিজিট পাস বাতিলসহ কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে না কোম্পানি।

গত ২২ ডিসেম্বর দায়ের করা মামলার আবেদনে শ্রমিকরা অভিযোগ করেন, মালয়েশিয়ায় পৌঁছানোর পরপরই নিয়োগকর্তা তাদের পাসপোর্ট কেড়ে নেন। কর্মস্থলে অমানবিক আচরণ ও দুর্ব্যবহারের প্রতিবাদে তারা বিভিন্ন সময় বিক্ষোভ ও ধর্মঘটে অংশ নেন। এর জেরে অনেক শ্রমিককে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে তারা হারানো মজুরি, সাধারণ ক্ষতিপূরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ অস্বীকার করেছে ‘মেডিসেরাম’। কোম্পানির দাবি, শ্রমিকদের অভিযোগগুলো ভিত্তিহীন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে চালানো একটি ‘কলঙ্কজনক প্রচারণা’।

শ্রমিকদের পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন আইনজীবী লুই লিয়াও ও ইরদিনা আজিরা এজলিজাম। আগামী ৭ জানুয়ারি উভয় পক্ষের উপস্থিতিতে মামলার পরবর্তী আন্তঃপক্ষীয় পর্যালোচনা শুনানি অনুষ্ঠিত হবে।

এই রায়কে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা তাদের অধিকার রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করবে।