বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৪ লাখ ৯ হাজার জনের নিবন্ধন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিবন্ধন ৪ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৪ লাখ ১১ হাজার ২৭২ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৫ হাজার ১০৮ জন এবং নারী ভোটার ২৬ হাজার ১৬৩ জন।

নিবন্ধিতদের মধ্যে ৬ হাজার ৭৫৯ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে, আর অনুমোদিত হয়েছে ৪ লাখ ৪ হাজার ৫৮৯ জনের। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। সৌদি আরব থেকে সর্বাধিক ১ লাখ ৭ হাজার ৭৮৩ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৩৭ হাজার ৬ জন, মালয়েশিয়ায় ২৬ হাজার ৮১২ জন, ওমানে ২২ হাজার ৮২৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৫৪৩ জন, আমেরিকায় ২২ হাজার ২৮ জন, সিঙ্গাপুরে ১৬ হাজার ৪৭৯ জন, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৬৮ জন, কুয়েতে ১২ হাজার ৮৬৪ জন, ইতালিতে ১১ হাজার ৭১৬ জন, কানাডায় ১০ হাজার ৩২৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫৮ জন এবং অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৪৮৬ জন নিবন্ধন করেছেন।

এছাড়া দেশে অবস্থানরত ২৯ হাজার ৪৪ জন সরকারি চাকরিজীবীও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে খরচ পড়বে মাত্র ২২ টাকা, যেখানে প্রবাসীদের জন্য গড়ে খরচ হবে প্রায় ৭০০ টাকা।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, প্রবাসীদের কাছে পৌঁছানোই প্রধান চ্যালেঞ্জ। এজন্য দূতাবাসগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নিবন্ধনের সংখ্যা ৫ থেকে ৬ লাখে পৌঁছাতে পারে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসীর ভোট টানার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।