ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ চালু হয়েছে। এ উদ্যোগে বিদেশে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১ লাখ ৭০ হাজার ১০৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৫১ হাজার ৯০৭ জন পুরুষ এবং ১৮ হাজার ১৯৭ জন নারী ভোটার।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে ২৭ হাজার ২ জন, আমেরিকায় ১৮ হাজার ৮৯৩ জন, সিঙ্গাপুরে ১০ হাজার ৩৭১ জন, যুক্তরাজ্যে ৯ হাজার ৬৪৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪৩৪ জন, মালয়েশিয়ায় ৯ হাজার ১০১ জন, কানাডায় ৮ হাজার ৯৯৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৮ হাজার ৫২ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৬৯১ জন, জাপানে ৬ হাজার ৮৮১ জন, কাতারে ৬ হাজার ৬৭৯ জন, ইতালিতে ৬ হাজার ৩৬০ জন, ওমানে ৫ হাজার ৮৯৮ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৭৫১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, প্রবাসীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ায় সাইবার নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলা করেই তারা এগিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, বুধবার সকাল পর্যন্ত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে প্রায় ৪ লাখ ৩৫ হাজার প্রবাসী অ্যাপটি ডাউনলোড করেছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হবে। তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের মধ্যে এ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রবাসী ভোটারদের অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। ব্যবহারকারীরা বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখতে পারবেন। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে সঠিক ঠিকানা দেওয়া বাধ্যতামূলক।
আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।



