লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ৬টায় বুরাক এয়ারলাইন্সের ইউজেড ২২২ ফ্লাইটে ১৭৩ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে পৌঁছান। প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে তারা মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় প্রবেশ করেন এবং অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান। একইসঙ্গে প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা জনসচেতনতা বৃদ্ধির জন্য শেয়ার করার জন্য অনুরোধ করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের জন্য পথখরচা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানোর কার্যক্রম অব্যাহত রেখেছে।



