বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সৌদি আরবসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সৌদি আরবসহ সাতটি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। শনিবার ভোর ৬টা থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় পুনঃনিবন্ধন কার্যক্রম চালু হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রবাসীরা ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা প্রদান করবেন। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান বলেন, প্রবাসী ভোটাররা ঠিকভাবে ঠিকানা ইনপুট করতে না পারায় নিবন্ধন প্রক্রিয়া অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছিল। ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দেওয়া আবশ্যক। অ্যাপ পুনরায় চালু হলে নিবন্ধনকৃত প্রবাসীদের ঠিকানা সংশোধনের সুবিধাও থাকবে।

নিবন্ধনের সময় বাড়ানো হবে কি না-এ প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ২১ দিনের সময় যথেষ্ট, নিবন্ধন ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর ব্যালট প্রিন্টিং ও ডাক বিভাগে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হবে।

ইসির তথ্যানুযায়ী, শুক্রবার রাত ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৭৭,৯৭৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এ পদক্ষেপের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।