বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্রবাসীরা ২৪ ঘণ্টা অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বিশ্বের যেকোনো স্থান থেকেই যেকোনো সময় অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার নিশ্চিত করেছে, পূর্বের অঞ্চলভিত্তিক সময়সীমা তুলে নিয়ে নিবন্ধন প্রক্রিয়াকে সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। তবে নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বলেন, “মঙ্গলবার রাত ১২টার পর থেকে অঞ্চলভিত্তিক পাঁচ দিনের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। ফলে প্রবাসীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।”

১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং (পরীক্ষামূলক ভোট) অনুষ্ঠিত হবে।

সচিব জানান, মক ভোটিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্র বৃদ্ধি, ভোটকক্ষের সংখ্যা সমন্বয় বা জনবল বাড়ানো–কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার নির্দেশনা পাওয়া মাত্রই ইসি অগ্রিম প্রস্তুতি শুরু করেছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন, “দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই মাঠপর্যায়ে ও কাগজে-কলমে প্রস্তুতি এগিয়ে নিয়েছি।”

ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিক তথ্য প্রচার ও অপতথ্য প্রতিরোধে টিকটক ও নির্বাচন কমিশন ঢাকায় একটি যৌথ কর্মশালা আয়োজন করে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির উপায় নিয়ে মতবিনিময় হয় অনুষ্ঠানে। টিকটকের পক্ষে নেতৃত্ব দেন সাউথ এশিয়ার হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন।

ইসি জানায়, নির্বাচন নিরাপত্তা জোরদার এবং নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে টিকটক ভবিষ্যতেও নির্বাচন কমিশনের সঙ্গে একযোগে কাজ করবে।

প্রবাসীদের অনলাইন নিবন্ধন উন্মুক্ত হওয়ায় বিদেশে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ আরও সহজ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।