লিবিয়ায় মানবপাচারের ফাঁদে পড়া মাদারীপুরের তিন যুবক গুলিতে নিহত হয়েছেন। ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে দালাল শিপন খান ও তার বড় ভাই সেলিম খানের সঙ্গে চুক্তি করে দেশ ছেড়েছিলেন ইমরান খান (২২), মুন্না তালুকদার (২৪) ও বায়েজিত শেখ (২০)। নিহতরা মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২২ লাখ টাকায় ইমরানকে সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল। লিবিয়ায় পৌঁছালে তাকে আটক ও নির্যাতন করা হয়। মুক্তির জন্য আরও ১৮ লাখ টাকা দাবি করা হয়। ১ নভেম্বর ইমরান তার মায়ের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করেন। ১৮ দিন পর মঙ্গলবার রাতে দালালরা পরিবারের কাছে জানান, তিন যুবকই গুলিতে মারা গেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিপন লিবিয়ায় অবস্থান করায় সহজেই প্রলোভনে ফাঁদে পড়ে যুবকরা। ইতালি পৌঁছানোর পথে দালাল ও লিবিয়ার মাফিয়াদের মধ্যে অর্থ লেনদেন না হলে নিহতদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের লোকজন শিপন ও সেলিমের ফাঁসির দাবি জানিয়েছেন।
ইমরানের বড় বোন ফাতেমা আক্তার বলেন, “দালাল আমার ভাইকে মেরে ফেলেছে, কঠিন বিচার চাই। মরদেহ দেশে আনার ব্যবস্থা হোক।” নিহত মুন্না ও বায়েজিতের পরিবারও ফাঁসির দাবি জানাচ্ছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহতদের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার খবর প্রকাশ পেলে দালাল পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে। মানবপাচার প্রতিরোধ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।



