লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি প্রবাসী দেশে ফিরেছেন। তারা দেশটির বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরত আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রত্যাবর্তনে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে ফেরত আসা অভিবাসীদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। লিবিয়ায় অবস্থানকালে তাদের মধ্যে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
আইওএম জানিয়েছে, ফেরত আসা প্রবাসীদের জন্য পথখরচা, খাদ্যসামগ্রী, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।



