বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। পথে তাদের গাড়ি দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ৪ নম্বর ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি।

উল্লেখ্য, ওমান বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। দেশটিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন।