বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সমুদ্রপথে ইতালিতে আগত অভিবাসীর শীর্ষে বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম নয় মাসে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত মোট ১৫,৪৭৬ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন। এটি ইতালিতে আগত মোট অভিবাসীর ৩০ শতাংশের বেশি।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগত মোট অভিবাসীর সংখ্যা ২০২৪ সালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে, তবে ২০২৩ সালের তুলনায় কমেছে। ২০২৫ সালের উল্লিখিত সময়ে মোট অভিবাসীর সংখ্যা ৫১,৮৫৫ জন, যেখানে ২০২৪ সালে একই সময়ে সংখ্যা ছিল ৫১,৩৪১ জন।

বাংলাদেশিরা ছাড়াও ইরিত্রিয়া থেকে ৭,০৯০ জন, মিশর থেকে ৬,৫৫৮ জন এবং পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া ও টিউনিশিয়া থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইতালিতে পৌঁছেছেন। এই সময়ে কিছু অভিবাসীর পরিচয় যাচাই প্রক্রিয়া এখনো চলমান।

২০২৫ সালের মে থেকে সেপ্টেম্বর মাসকে অভিবাসনের প্রধান মৌসুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। মে মাসে সাত হাজার ১৭৮ জন, জুনে সাত হাজার ৮৯ জন, জুলাইয়ে ছয় হাজার ৪৮৭ জন, আগস্টে ছয় হাজার ১৪৬ জন এবং সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ আট হাজার ৩১৫ জন অভিবাসী ইতালিতে পৌঁছান। অক্টোবরের প্রথম সপ্তাহে আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইউরোপীয় সীমান্তে নিয়ন্ত্রণ আরও কঠোর হলেও বাংলাদেশি অভিবাসীদের আগমনে এর প্রভাব কম পড়েছে। ভূমধ্যসাগরীয় উপকূলে বাংলাদেশি নাগরিকদের আগমন ক্রমেই স্পষ্টভাবে বৃদ্ধি পাচ্ছে।