মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিবাসন বিভাগের অভিযানে ৯৭ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জন বাংলাদেশি নাগরিক।
অভিযানটি পরিচালিত হয় রবিববার (৫ অক্টোবর) বিকেলে সেলাঙ্গরের ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার বাজারে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় বিপুলসংখ্যক বিদেশি অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) আড়ালে অবৈধভাবে বসবাস করছেন—এমন অভিযোগের ভিত্তিতে বিশেষ টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়। প্রায় ৯০ জন কর্মকর্তা এতে অংশ নেন।
মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক জাকারিয়া শা’বান সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে বলেন, অভিযানে মোট ৮৮৪ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকায় ৯৭ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ৪৪ জন ইন্দোনেশিয়ার, ২৪ বাংলাদেশি, ৯ মিয়ানমারের, ৭ ভারতের, ২ পাকিস্তানের এবং কম্বোডিয়া ও শ্রীলঙ্কার একজন করে নাগরিক রয়েছেন। তাঁদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারায় তদন্ত শুরু হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সবাইকে সেলাঙ্গরের বেরানাং ইমিগ্রেশন ডিপো ও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের শনাক্ত ও আইনগত পদক্ষেপ নিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।



