দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ ও নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে এ সেবা চালু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. মোজাম্মেল হক। এ সময় প্রবাসী কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসীদের জন্য এনআইডি সেবা একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে আমেরিকা প্রবাসীরা দেশে সম্পদ সংক্রান্ত আইনি প্রক্রিয়া সহজে সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি ভবিষ্যতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষেত্রেও এই পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে জানান, সরকারের এ কার্যক্রম প্রবাসীদের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। তিনি বলেন, “আমেরিকার লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি ও মায়ামিসহ অন্যান্য কনস্যুলেট অফিসেও পর্যায়ক্রমে এ সেবা চালু করা হবে।”
কনসাল জেনারেল মোজাম্মেল হক তার বক্তব্যে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং নতুন এ সেবা সম্পর্কে কমিউনিটিকে অবহিত করার আহ্বান জানান।
এখন থেকে প্রবাসীরা অনলাইন পোর্টাল services.nidw.gov.bd এর মাধ্যমে আবেদন করে কাগজপত্র জমা ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এনআইডি কার্যক্রম শুরু হওয়ায় নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা গেছে।



