মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ অভিযানে পাঁচ বাংলাদেশিসহ মোট ৬০ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে স্থানীয় সময় শুরু হওয়া এ অভিযান চলে জেলার বিভিন্ন এলাকায়। পোশাক সেলাইয়ের দোকান, ধাতব কারখানা ও খাবার পরিবেশনকারী ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানটির নাম দেওয়া হয় ‘অপস মাহির’, ‘অপস সেলেরা’ এবং ‘অপস কুটিপ’।
জোহর ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, বৈধ পরিচয়পত্র দেখাতে না পারা এবং কাজের উদ্দেশ্যে ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগে এসব অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।
আটকদের মধ্যে রয়েছেন—১৯ জন মিয়ানমারের নাগরিক, ছয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয়, পাঁচজন বাংলাদেশি, একজন পাকিস্তানি, পাঁচজন কম্বোডিয়ান, শ্রীলঙ্কান এক পুরুষ ও দুই নারী, মিয়ানমারের ১০ নারী, চারজন ইন্দোনেশিয়ান নারী এবং দুজন ভারতীয় নারী।
জেআইএম পরিচালক জানান, আটককৃতদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের আওতায় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি স্থানীয় জনগণকে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, জোহরে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



