বিশ্বের যেখানেই থাকুন না কেন, প্রবাসী বাংলাদেশিরা এবার মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় তিনি এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
সিইসি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ নামের মোবাইল অ্যাপটি ডাউনলোডের পর ব্যবহারকারীরা একটি ইন্সট্রাকশনাল ভিডিও দেখবেন, যেখানে প্রতিটি ধাপ সহজভাবে ব্যাখ্যা করা থাকবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে এনআইডি কার্ড, পাসপোর্ট তথ্য ও প্রবাসের ঠিকানা। এছাড়া ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করার পর ভোটারদের প্রবাসের ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে।
ভোট প্রদানের পর ভোটাররা শুধুমাত্র খামটি পোস্ট অফিসে পাঠাতে পারবেন, যা নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে। সিইসি সকল প্রবাসী বাংলাদেশিকে রেজিস্ট্রেশন করার জন্য উৎসাহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে প্রবাসীরা সক্রিয়ভাবে এই সুযোগ গ্রহণ করবেন।
তিনি আরও জানান, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য অ্যাপে, দূতাবাসে এবং সরকারি ওয়েবসাইট ও গণমাধ্যমে পাওয়া যাবে। এ উদ্যোগকে তিনি প্রবাসী ভোটের ইতিহাসে প্রথম পদক্ষেপ ও ঐতিহাসিক সূচনা হিসেবে বর্ণনা করেছেন।



