বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নিউ ইয়র্কে বাংলাদেশ বেদান্ত সোসাইটির শারদীয় দুর্গোৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক
ছবি: এটিভি ইউএসএ

আমেরিকার নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব ২০২৫। বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউ ইয়র্ক ইনক. আয়োজিত এই উৎসব চলছে ফ্লোরাল পার্কের গোল্ডেন ইয়ার্স পার্টি হলে। দুই দিনব্যাপী এ উৎসব চলবে রবিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত।

উৎসব চলাকালে প্রতিদিন দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হবে পূজা আচার, এরপর অনুষ্ঠিত হবে অঞ্জলি ও প্রসাদ বিতরণ। দুই দিনব্যাপী এই মহোৎসবকে ঘিরে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন বাংলাদেশি ও প্রবাসী শিল্পীরা।

 

 

সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার, সংগীতশিল্পী দেবরতি ভট্টাচার্য, শান্তনু ভৌমিক, শিবানী রায় ঘোষ, বিন্দু কণা, স্বপ্নীল সজীব, উদিপ্তসহ আরো অনেকে। এছাড়া থাকবে বাফা ডান্স গ্রুপের বিশেষ পরিবেশনা। শিশু-কিশোর শিল্পীরাও সাংস্কৃতিক আয়োজনে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবে। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সাপ্তাহিক সাদাকালো ও এটিভিইউএসএ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় আছেন সভাপতি পূর্ণ চন্দ্র মুখার্জী এবং সাধারণ সম্পাদক রীনা সাহা।

প্রবাসে বসবাসরত বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এই দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা। বাংলাদেশ বেদান্ত সোসাইটি আশা করছে, দুই দিনব্যাপী এই আয়োজন প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত করে তুলবে।