বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইতালির পেরুজিয়ার স্পোলেটো এলাকায় সাগর বালা অভি (২২) নামে এক বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের মামাতো ভাই শুভ বালা ও ভাতিজা মিঠুন তালুকদার ইতালি থেকে ফোন করে অভির মৃত্যুর খবর পরিবারকে জানান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এ খবর দেশে পৌঁছালে নিহতের নিজ এলাকা মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্র জানায়, নিহত সাগর বালা অভি কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। প্রায় আড়াই বছর আগে ধার দেনা করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি। সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সম্প্রতি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন সাগর। পরে স্থানীয় পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

অভির বাবা কুমোদ বালা বলেন, “আমার একমাত্র ছেলেকে এভাবে খুন করা হলো। মরদেহের পাশ থেকে তার ব্যবহার করা বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ নানা উদ্যোগ নিয়েছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, “ঘটনার বিষয়ে আমরা জেনেছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি সহযোগিতা করা হবে।”

নিহতের লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে কিনা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পরিবার। তবে ইতালির পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।