সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রিয়াদে মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সৌদি আরবের রাজ দরবারের এক বিবৃতিকে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “তাঁর মৃত্যুর মধ্য দিয়ে রাজ্য এবং সমগ্র ইসলামি বিশ্ব একজন মহৎ আলেমকে হারালো, যিনি জ্ঞান, ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে অসামান্য অবদান রেখেছেন।”
সৌদি গেজেটের তথ্যমতে, শেখ আবদুল আজিজ আল-শেখ ১৯৮২ সালে আরাফাহ প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও ধর্মপোদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা পাঠ করেছিলেন।
আসরের নামাজের (সৌদি সময় বিকেল ৩টা ১২ মিনিটে) পর রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অংশ নেন।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ নির্দেশ দিয়েছেন যে, আসরের নামাজের পর মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং দেশব্যাপী সব মসজিদে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি আব্দুলআজিজ বিন বাজের মৃত্যুর পর আবদুল আজিজ আল-শেখকে এ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি রাজ্যের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ধর্মীয় আলেম হিসেবে শরিয়াহ আইন ব্যাখ্যা করতেন এবং আইনি ও সামাজিক বিষয়ে ফতোয়া প্রদান করতেন।
বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শেখ আবদুল আজিজ আল-শেখের পরিবার, সৌদি জনগণ এবং সমগ্র ইসলামি উম্মাহকে সমবেদনা জানিয়েছেন।



