বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও প্রবাসীদের অবদানকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে আগামী ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫। দিনব্যাপী এই আয়োজন বসবে শহরের ক্রাফট কমপ্লেক্সে।

শনিবার (২০ সেপ্টেম্বর) আয়োজক সংগঠন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তাঁরা বলেন, ফেস্টিভ্যালে বাংলাদেশের রিয়েল এস্টেট, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্য, তৈরি পোশাক, পর্যটন ও হস্তশিল্প খাতের প্রদর্শনী থাকবে। একই সঙ্গে দেশীয় খাবার ও স্ট্রিট ফুডের স্টল বসবে। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রবাসী শিল্পী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহান আরা মনিকা এবং জহুর রাজ্যের প্রিন্সেস তুংকু মরিয়ম জারাহ। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা।

আয়োজকদের মতে, এ ধরনের উৎসব বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির প্রচারে যেমন ভূমিকা রাখবে, তেমনি প্রবাসীদের মধ্যে দেশীয় শেকড়ের বন্ধন আরও দৃঢ় করবে।