বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কমান্ডার মো. শোয়েব খান। প্রবাসী বাংলাদেশি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতে সমাপ্তি ঘটে। হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হলো বলে জানানো হয়েছে।