নিউ ইয়র্কে কোভিড-১৯ মহামারির সময়ের ভয়াবহ বাস্তবতা, মানুষের কষ্ট আর মানবিক বিপর্যয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এক হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্র “হোপ নেভার ডাইস”। সংকটময় সেই সময়ে মানুষ কীভাবে আশা ধরে রেখেছিল এবং একে অপরের পাশে দাঁড়িয়েছিল, তা ফুটে উঠেছে এই প্রামাণ্যচিত্রে। আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় কুইন্স পাবলিক লাইব্রেরির জ্যামাইকা সেন্ট্রাল অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এর বিশেষ প্রদর্শনী।
কুইন্স পাবলিক লাইব্রেরির নিউ আমেরিকান প্রোগ্রাম আয়োজন করছে এই প্রদর্শনী, যার ইভেন্ট পার্টনার অলাভজনক সংস্থা ওয়ান ওয়ান অর্গানাইজেশন; সহায়তা দিয়েছে অটিজম সোসাইটি হাবিলিটেশন অর্গানাইজেশন (আসো)। সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যের এই আয়োজনে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ, কুইন্স লাইব্রেরির সহকারি পরিচালক ফ্রেড জে গিটনার, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, ওয়ান ওয়ান অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. হাসানসহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে সাংগীত আয়োজন। পরিবেশন করবেন মেলাল শাহ ও খন্দকার রাশিদুল হক, যন্ত্রসঙ্গীতে থাকবেন স্বপন দত্ত। সঞ্চালনা করবেন জনম সাহা। প্রামাণ্যচিত্রটির নির্মাণ, গবেষণা, পরিকল্পনা ও স্ক্রিপ্ট লিখেছেন লেখক ও সাংবাদিক শামীম আল আমিন। ৪৪ মিনিট দৈর্ঘ্যের এই কাজটিতে উঠে এসেছে নিউ ইয়র্কে কোভিডের সময়ের ভয়াবহতা, মানুষের লড়াই, সংগ্রাম ও মনোবল। এতে সাক্ষাৎকার দিয়েছেন চিকিৎসক, শিক্ষাবিদ, শিল্পী, গণমাধ্যমকর্মী, ক্যাব চালক থেকে শুরু করে সাধারণ কর্মজীবী মানুষ। তারা হলেন সাবেক কলেজ প্রিন্সিপাল, মিডিয়া ব্যক্তিত্ব রানা আহমেদ, শিক্ষক, গায়িকা ও থিয়েটারকর্মী মিলাদুন অ্যানি, ইউনিসেফের টিকাদান বিষয়ক সিনিয়র অ্যাডভাইজর ডা. আনিসুর রহমান সিদ্দিকী, ক্রিডমোর সাইকিয়াট্রিক সেন্টারের চিফ সাইকিয়াট্রিস্ট ডা. মুনিবুর আর খান, অ্যালমহার্স্ট হাসপাতালের এটেনডিং ফিজিশিয়ান ডা. মিতা চৌধুরী, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মালেক, সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন সাগর, মেটা ইনফো টেক (এমআইটি) ফাউন্ডার ও সিইও মাহবুব সিদ্দিকী, নিউইয়র্কের স্কুলের শিক্ষক সহকারী, আবৃত্তিশিল্পী ও থিয়েটারকর্মী শুক্লা রায়, ইউএস পোস্টাল সার্ভিস কর্মরত ও আবৃত্তিশিল্পী গোপন সাহা, অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন (আসো) এর নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান, সংগীতশিল্পী মেলাল শাহ, নিউইয়র্ক সিটির প্যারামেডিক মোতাসিম “বিল” হোসেন, সাবেক স্কুল শিক্ষক নাসিম বানু চাঁপা, ইয়েলো ক্যাব চালক আব্বাস আলী এবং হাইস্কুল শিক্ষার্থী গুঞ্জরি সাহা।
বাংলাদেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায় দিয়েছেন প্রারম্ভ ও সমাপ্তি কণ্ঠ, ধারাবর্ণনায় ছিলেন শামস উজ জোহা। সংগীতে ছিলেন স্বপ্নীল সজীব ও অভিজিৎ চক্রবর্তী জিতু। দৃশ্যধারণে ছিলেন শফিকুল ইসলাম সাবু, শামীম আল আমিন ও শেখ তানভীর আহমেদ; সম্পাদনা, গ্রাফিক্স ও সংগীতে কাজ করেছেন জাহাঙ্গীর আলম। কারিগরি সহায়তায় ছিল সিনে হাউজ মিডিয়া, আর অর্থসহায়তা দিয়েছে নিউ ইয়র্কের আইটি শিক্ষা প্রতিষ্ঠান মেটা ইনফো টেক (এমআইটি)।
গত ২০ জুন জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। ইতোমধ্যে এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানো হয়েছে। “হোপ নেভার ডাইস” শুধু একটি প্রামাণ্যচিত্র নয়, বরং মহামারির অন্ধকার সময়ের এক জীবন্ত দলিল—মানুষের অদম্য আশা ও টিকে থাকার প্রতীক।



