পবিত্র মক্কা শরীফে ওমরা পালনকালে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর রহমান মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করেছেন তাঁর ছেলে, আশা গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান। বুধবার স্থানীয় সময় মক্কার বিভিন্ন স্থানে হজযাত্রী ও স্থানীয়দের মাঝে নিজ হাতে খাবার তুলে দেন তিনি। সেসময় উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান।
আকাশ রহমান জানান, মানবসেবা ছিল তাঁর বাবার আদর্শ; সেই আদর্শ ধারণ করেই তিনি পিতার রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে দোয়া ও সেবামূলক উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। খাবার বিতরণকালে বহু হজযাত্রী ও স্থানীয় বাসিন্দা প্রয়াত শামসুর রহমান মিয়াকে স্মরণ করে দোয়া করেন।
নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী আকাশ রহমান বর্তমানে সৌদি আরবে ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। ৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে যাত্রা করে তিনি মক্কায় পৌঁছান; ওমরা শেষে আগামী ১৪ সেপ্টেম্বর তাঁর নিউ ইয়র্কে ফেরার কথা রয়েছে।
প্রয়াত শামসুর রহমান মিয়া শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে স্থানীয়ভাবে সুপরিচিত ছিলেন। তাঁর স্মরণে আয়োজিত মক্কার এ দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পরিবার–পরিজন ও শুভানুধ্যায়ীদের আবেগঘন করে তোলে বলে জানান আয়োজকরা।



