সেলাঙ্গর প্রদেশের পুচং এলাকায় একটি ফুড কোর্টে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযান ‘অপ কুটিপ’-এ বাংলাদেশিসহ ৫৫ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতের এ অভিযানে অবৈধভাবে কাজ করার সময় তাদের ধরা হয়।
ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানান, জনঅভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩৩৪ জনকে তল্লাশি করা হয়—এর মধ্যে ২৭৪ জন স্থানীয় ও ৬০ জন বিদেশি। যাচাই-বাছাই শেষে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ২৫ জন পুরুষ ও ৩০ জন নারীকে আটক করা হয়; অধিকাংশই ওয়েটার ও রান্নার কাজে নিয়োজিত ছিলেন।
বসরি জানান, ফুড কোর্ট ঘিরে ফেলায় পালানোর চেষ্টা ব্যর্থ হয়। অনেকের কাজের পারমিটের মেয়াদোত্তীর্ণ, কেউ খণ্ডকালীন পারমিট নিয়ে পূর্ণকালীন কাজ করছিলেন, আবার কেউ জারি করা পারমিটের শর্ত ভঙ্গ করেছেন। এমনকি একজন অভিবাসী দুই বছরের বেশি সময় ধরে একই স্থানে অবৈধভাবে কাজ করছিলেন। ইমিগ্রেশন আইনের ৩৯বি ধারায় খণ্ডকালীন/নির্ধারিত পারমিটের বাইরে কাজ করাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়।
আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন; বয়স ২৩ থেকে ৪৭ বছর। তাৎক্ষণিকভাবে কোন দেশের কতজন—বা কতজন বাংলাদেশি—আটক হয়েছেন, তা জানানো হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদেরকে আরও তদন্তের জন্য ইমিগ্রেশন দপ্তরে স্থানান্তর করা হয়েছে।



