বিদেশি কর্মী পারমিট পাওয়ার লক্ষ্যে ভুয়া তথ্যসংবলিত নথি জমা দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি ব্যবস্থাপককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে।
এমএসিসির আবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানুদিন রিমান্ডের আদেশ দেন। সংস্থাটির পুত্রজায়া পরিচালক আজিজুল আহমেদ সারকাওয়ি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি এমএসিসি আইন ২০০৯–এর ১৮ ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
এমএসিসি সূত্র জানায়, ৩০ বছর বয়সী এই বাংলাদেশি জুনে পরিচালিত এক অভিযানের পর দেশত্যাগ করে বাংলাদেশে পালিয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হয়। পরে বুধবার রাত ৯টার দিকে মালয়েশিয়ায় অবতরণের সময় ইমিগ্রেশন বিভাগের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, বিদেশি কর্মী পারমিটের প্রক্রিয়ায় সহায়তার কথা বলে তিনি আবেদনকারীদের কাছ থেকে প্রায় ২ লাখ ১০ হাজার রিঙ্গিত ঘুষ নিয়েছেন। পাশাপাশি জনশক্তি পুনর্নির্মাণ কর্মসূচি–সংক্রান্ত ভুয়া তথ্য দিয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে নথি জমা দেন। ওই নথির মধ্যে ভুয়া চাকরির চুক্তিপত্র ও একটি সিআইডিবি নিবন্ধন সনদও ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে এমএসিসি বলেছে, জাল নথি ব্যবহার ও ঘুষ–অনিয়মের অভিযোগে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।



