আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ভোটার করতে দেশটির চার অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মাসেই এ কার্ক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি।
বুধবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস এই কার্যক্রম চালু করা হবে। এজন্য শিগগিরই কারিগরি টিম ও প্রশাসনিক টিম দেশটিতে পাঠানো হবে। চার বাংলাদেশ মিশনে চারটি কারগরি টিম গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। আর দু’টো প্রশাসনিক টিম যাবে তাদের কার্যক্রম তদারকি করতে।
ইসি সচিব আখতার আহমদের নেতৃত্বাধীন টিমটি নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে যাবে। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন টিমটি যাবে মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে। আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বর তারা সেখানে অবস্থান করবেন। তবে দেশত্যাগ করবেন ১৯ সেপ্টেম্বর, ফিরবেন ২৯ সেপ্টেম্বর।
এদিকে চারটি কারগরি টিমে চারজন করে সদস্য যাবেন দেশটিতে। তারা ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর দূতাবাসের লোকবলকে প্রশিক্ষণ দেবেন। ওই চারটি টিম ১২ সেপ্টেম্বর দেশত্যাগ করে ফিরবে ২৭ সেপ্টেম্বর। অর্থাৎ মোট ২০ জন কর্মকর্তা-কর্মচারি যুক্তরাষ্ট্রে অবস্থান করবে। স্মার্টকার্ড বা আইডিইএ-২ প্রকল্প থেকে তাদের সমস্ত ব্যয় বহন করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের মধ্যে আমেরিকার প্রবাসীদের অধিকাংশই স্থায়ীভাবে বসবাস করেন। অনেকেই হয়তো এনআইডি কার্ক্রম দেশে চালু হওয়ার আগে দেশটিতে গেছেন। ফলে পাননি জাতীয় এই গুরুত্বপূর্ণ দলিল। অনেকের পরিবারও দেশে আসেননি। ফলে সংশ্লিষ্টদের এনআইডি না থাকায় নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দেশটিতেও এবার চালু হচ্ছে এনআইডি সেবা। আর বিশাল দেশ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের সুবিধার্থে চারটি অঙ্গরাজ্যে যাবে ইসি।
বর্তমানের দশটি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। আমেরিকার পাশপাশি আরো অন্তত চারটি দেশে শুরু হতে পারে এ ভোটার নিবন্ধনের এই কাজ।
ইসি কর্মকর্তারা বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে। আর সে লক্ষ্য নিয়েই প্রবাসে ভোটার কার্যক্রম এগিয়ে নিচ্ছে ইসি। ভোটার কার্যক্রমের মাধ্যমেই প্রবাসীদের এনআইডি সরবরাহ করছে সংস্থাটি। এজন্য দূতাবাস কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে নিবন্ধনের কাজ সম্পন্ন করছে।
ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসীদের ভোটার করে নিয়ে ভোটাধিকার নিশ্চিতে তার কমিশন অন্তত শুরুটা করতে চান। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে চান। সিইসি বলেন, অন্তর্বর্তী সরকারের মতো আমরা নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতিতেই আমরা আগাই না কেন, প্রথমে পাইলটিং পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে।



