বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জাপানে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাপানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এ সেবা চালুর মধ্য দিয়ে প্রবাসীদের বিভিন্ন সরকারি সেবায় প্রবেশাধিকার আরও সহজ হলো।

শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আখতার আহমেদ বলেন, জাপানে অনেক প্রবাসী বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র নেই। এ কারণে দেশে বিভিন্ন সেবা নিতে তারা সমস্যায় পড়েন। এখন থেকে জাপান প্রবাসীরা দূতাবাসের মাধ্যমেই এনআইডি-সংক্রান্ত সব সেবা নিতে পারবেন।

তিনি আরও জানান, আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিতে পারেন, সে ব্যবস্থাও করা হচ্ছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিনের দাবির পর জাপানে এনআইডি সেবা চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা বড় সুবিধা পাবেন।

উদ্বোধনের ফলে জাপানে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা স্থানীয়ভাবে এনআইডি–সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ জানায়, প্রবাসীদের জন্য সরকারি বিভিন্ন সেবায় (যেমন পরিচয় যাচাইকরণ–নির্ভর সেবা) প্রবেশাধিকার সহজ হবে এবং সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা সুবিধা পাবেন টোকিও থেকেই।

দূতাবাস জানায়, জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হলে অনলাইনে services.nidw.gov.bd ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে। এরপর দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।