বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কম খরচে মালয়েশিয়ায় যাবে ১২ লাখ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার আবারও প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে স্বল্প ব্যয়ে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমবাজার সংশ্লিষ্টদের আশা, আগামী ছয় বছরে মালয়েশিয়ায় কমপক্ষে ১২ লাখ বা তারও বেশি বাংলাদেশি শ্রমিক পাঠানো সম্ভব হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বৈঠকে কর্মীদের স্বার্থ, নিরাপত্তা ও সুযোগ-সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে দুই দেশের সরকার প্রধান একমত হয়েছেন।

বৈঠকের সূত্র জানায়, শিগগিরই বাংলাদেশি শ্রমিকরা কম খরচে মালয়েশিয়ায় যেতে পারবেন। ইতোমধ্যে নিরাপদ অভিবাসন বিষয়ে দুই দফায় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে শ্রমিক প্রেরণের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মেলে। তবে অতীতে বিপুলসংখ্যক রিক্রুটিং এজেন্সিকে প্রক্রিয়ায় সম্পৃক্ত করায় অভিবাসন ব্যয় বেড়ে গিয়েছিল। যদিও মালয়েশিয়ায় যাওয়া অধিকাংশ শ্রমিক নিয়মিত বেতন ও কাজ পাচ্ছেন, ফলে তাদের অভিযোগ নেই।

এদিকে কিছু এজেন্সি মালিক বৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করলেও, মালয়েশিয়া সরকার জানিয়েছে—প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। দীর্ঘ তদন্ত শেষে দেশের সংশ্লিষ্ট সংস্থাও অভিযোগ প্রমাণিত হয়নি বলে আদালতে রিপোর্ট দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অতীতে কিছু এজেন্সি ও প্রতিযোগী দেশের স্বার্থে কাজ করা ব্যক্তিদের নেতিবাচক প্রচারণার কারণে মালয়েশিয়া সরকার নতুন কর্মী নিয়োগে দ্বিধায় ছিল। তবে এবার শীর্ষ পর্যায়ের বৈঠকে শ্রমিক সুরক্ষা ও স্বল্প ব্যয়ে লাভজনক কাজের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় ১০ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন, যারা মধ্যপ্রাচ্যের তুলনায় ভালো বেতন, সামাজিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা পাচ্ছেন। এসব কর্মীর পাঠানো রেমিট্যান্স বছরে প্রায় ৩ বিলিয়ন ডলার। ফলে মালয়েশিয়া বাংলাদেশের জন্য সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে গুরুত্বপূর্ণ।

শ্রমবাজার সংশ্লিষ্টদের আশা, আগামী ছয় বছরে মালয়েশিয়ায় কমপক্ষে ১২ লাখ বা তারও বেশি বাংলাদেশি শ্রমিক পাঠানো সম্ভব হবে। সরকার ইতোমধ্যে স্বল্প খরচে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে। আলোচনার ফলশ্রুতিতে শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।