বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া সরকার ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ সুবিধা চালু করেছে। এর ফলে এখন থেকে দেশটিতে কর্মরত বাংলাদেশিরা কাজের মেয়াদ চলাকালীন নির্দিষ্ট সময়ের জন্য একাধিকবার দেশে আসা-যাওয়ার সুযোগ পাবেন। বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার থেকে এই ভিসা সুবিধা কার্যকর হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থাটি বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস এবং সিঙ্গল এন্ট্রি ভিসাসহ কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে চলতি বছর যোগ্য কর্মীদের জন্য আলাদাভাবে ‘মাল্টিপল এন্ট্রি ভিসার’ আবেদন করার প্রয়োজন নেই।

এই ব্যবস্থার লক্ষ্য হলো—ভিসার অপব্যবহারের ঝুঁকি হ্রাস করার পাশাপাশি বিদেশি কর্মীদের চলাচলের তদারকি উন্নত করা।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই পরিবর্তন বিদেশে মালয়েশিয়ার হাইকমিশনগুলোতে ঝামেলা কমাবে। এই ভিসা সুবিধাটি বাংলাদেশের সঙ্গে নৈতিক শ্রম সহযোগিতার ক্ষেত্রে মালয়েশিয়ার প্রতিশ্রুতির অংশ।

নতুন এই উদ্যোগের ফলে প্রবাসী কর্মীরা শুধু জরুরি প্রয়োজনে নয়, বরং পারিবারিক বা ব্যক্তিগত কারণে স্বল্প সময়ের জন্য দেশে ফিরেও পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। আগে বেশিরভাগ কর্মীদের ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য থাকত, যা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশের জন্য জটিলতা ও অতিরিক্ত সময়সাপেক্ষ প্রক্রিয়া তৈরি করত।

বাংলাদেশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও প্রবাসীদের স্বার্থ বিবেচনায় এই সুবিধা চালুর সিদ্ধান্ত এসেছে। ইতিমধ্যে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হলে কর্মীদের বৈধ পাসপোর্ট, কর্মসংস্থান চুক্তি, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং প্রয়োজনীয় ফি জমা দিতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ভিসা বহাল থাকবে।

প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে, মাল্টিপল এন্ট্রি ভিসা প্রবাসীদের পারিবারিক বন্ধন দৃঢ় রাখতে সহায়তা করবে এবং কর্মজীবনে মানসিক স্বস্তি আনবে। একইসঙ্গে এটি প্রবাসীদের দেশে বিনিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা এবং সামাজিক যোগাযোগের সুযোগও বাড়িয়ে দেবে।

উল্লেখ্য, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৫ লাখ বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত আছেন, যাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন ভিসা সুবিধা তাদের জন্য আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় প্রবাসজীবনের পথ খুলে দিল।