মালয়েশিয়ার বুকিত মের্তাজামের সিম্পাং আমপাট এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে ৩০৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে পরিচালিত এ অভিযানে মোট ৭৪৯ জন শ্রমিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের আওতায় বিভিন্ন অনিয়মের অভিযোগে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি।
মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, অভিযানে দেখা গেছে, বেশিরভাগ প্রবাসী শ্রমিক পারমিট সেক্টরের সীমাবদ্ধতা লঙ্ঘন করে অননুমোদিত স্থানে কাজ করছিলেন। কারও পারমিটের মেয়াদ ছিলো শেষ, কারও ভ্রমণ নথি বৈধ ছিল না, আবার অনেকে অনুমোদিত কাজের সেক্টর ভিন্ন থাকা সত্ত্বেও অন্যখাতে কাজ করছিলেন।
বিশেষ করে, অনেক বাংলাদেশি শ্রমিকের পারমিট ‘পরিষ্কারক’ সেক্টরের জন্য থাকলেও তারা স্থানীয় কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ ধরনের সেক্টর-ভিত্তিক পারমিট অপব্যবহারকেই তদন্তের মুখ্য বিষয় হিসেবে দেখা হচ্ছে।
জাকারিয়া শাবান বলেন, “এই ধরপাকড় একটি সমন্বিত অভিযান। ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) ও পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) এতে অংশ নেয়।”
অভিযানে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জাওয়ি ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযানের সময় আটক এক বাংলাদেশি প্রবাসী জানান, তিনি ২০২৩ সালে এজেন্টের মাধ্যমে প্রায় ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ টাকা) খরচ করে মালয়েশিয়ায় এসেছিলেন। তার পারমিট ‘পরিষ্কারক’ কাজের জন্য হলেও, এজেন্ট তাকে জানিয়েছিল কারখানার কাজও এই সেক্টরের অন্তর্ভুক্ত।
প্রবাসী বাংলাদেশিদের অনিয়মের দায় এজেন্টদের ভূমিকার দিকেও ইঙ্গিত করছে। এ নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের প্রবাসী কর্মসংস্থান ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এসব ঘটনায় প্রবাসীদের পাশাপাশি সরকারগুলোরও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা জরুরি।



