বাংলাদেশের গণআন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। দলটি বলছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এসব প্রবাসীকে দীর্ঘদিন ধরে বন্দি রাখা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন। উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, এবং বন্দি প্রবাসীদের পরিবারের কয়েকজন সদস্য।
বক্তব্যে মুন বলেন, “সহিদুল আলম, মন্সুর আহমেদ, নুর হাসান—এই নামগুলো কেবল পরিসংখ্যান নয়, একেকটি পরিবারের বেদনার প্রতিচ্ছবি। গত বছরের জুলাই মাসে বাংলাদেশের গণ-আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে তারা একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ উপস্থাপন করা হয়নি। অথচ তারা প্রায় ৮-৯ মাস ধরে আমিরাতের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন।”
এ সময় তিনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি মানবিক বিবেচনায় বন্দিদের মুক্তি ও দ্রুত প্রত্যাবর্তনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই ২৬ জন প্রবাসীর পরিবার বর্তমানে চরম আর্থিক ও মানসিক সংকটে রয়েছেন। একদিকে উপার্জন বন্ধ, অন্যদিকে দীর্ঘ অনিশ্চয়তায় জীবন চলছে থমকে।
জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।



