মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দেশটির পাহাং রাজ্যের কুয়ান্তানে শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য সান।
শনিবার (২ আগস্ট) কুয়ান্তানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ান্তান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে টয়োটা আভাঞ্জা মডেলের একটি গাড়ি রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক মো. সাবের হাসান (৩০) এবং যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)।
দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও দুই যাত্রী—মো. হাবিব বিসাস (৪৫) এবং মণিরাম চন্দ্র দাস (৪০)। তাঁদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাসেই শেষ হয়ে গেছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিচয় নিশ্চিত করতে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে। নিহতদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং দূতাবাস সূত্রে জানানো হয়েছে, মরদেহ দেশে পাঠানোর বিষয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
প্রবাসে কর্মরত বাংলাদেশিদের জন্য এই দুর্ঘটনা বড় ধরনের শোকের বার্তা হয়ে এসেছে। দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন কমিউনিটির সদস্যরা।



