বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

লাল-সবুজের উচ্ছ্বাসে অনুষ্ঠিত আটলান্টিক সিটির ‘বাংলাদেশ মেলা’

সুব্রত চৌধুরী, এটিভি ইউএসএ, আটলান্টিক সিটি, নিউ জার্সি
ছবি: সংগৃহীত

নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ মেলা’, যা প্রবাসে দেশের আবহ তৈরি করে দিলো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির আয়োজনে মঙ্গলবার (২২ জুলাই) সেন্ড ক্যাসল স্টেডিয়ামের সামনের সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হয় এই বর্ণিল মিলনমেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে মেলার সূচনা হয়, এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

মেলায় ছিল নানা আয়োজন—কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান, আইভি লিগ কলেজে ভর্তির যোগ্যতা অর্জনকারীদের বৃত্তি প্রদান, দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রয়, ঐতিহ্যবাহী খাবারের স্টল, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্রসহ নানা আকর্ষণীয় আয়োজন।

 

 

মেলার প্রাঙ্গণজুড়ে ছিল প্রবাসীদের পদচারণা, যাঁরা লাল-সবুজের পোশাকে সেজে প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন নানা বয়সী প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা আর কৃষ্টি যেন প্রবাসেও জীবন্ত হয়ে ওঠে এই মেলার মাধ্যমে।

বিশেষভাবে নজর কেড়েছে নতুন প্রজন্মের অংশগ্রহণ। জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায় হলেও তাদের হাতে ছিল দুই দেশের পতাকা—একটিতে আমেরিকার নীল-সাদা, অন্যটিতে বাংলাদেশের লাল-সবুজ। তাদের কণ্ঠে “বাংলাদেশ! বাংলাদেশ!” ধ্বনি মুহূর্তেই স্তব্ধ করে দেয় পাশের আটলান্টিক মহাসাগরের গর্জন।

প্রবাস জীবনের ব্যস্ততা, হতাশা ও মূল্যবোধের সংকটের মাঝেও বাংলাদেশ মেলা যেন এক আত্মিক শক্তি জোগায়। এই আয়োজন প্রবাসীদের মনে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা পুনর্জাগরিত করে। হৃদয় ছুঁয়ে যায় সেই অজানা আবেগ, যা থেকে অজান্তেই গেয়ে ওঠে—“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…”

বাংলাদেশ মেলা শুধু একটি উৎসব নয়, এটি প্রবাস জীবনে বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখার এক অনন্য প্রয়াস।