দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকার আশা হোম কেয়ারে একটি বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সদস্যদের প্রাকৃতিক, মানবসৃষ্ট ও প্রযুক্তিগত দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারীদের শেখানো হয়, কীভাবে একটি পারিবারিক জরুরি পরিকল্পনা তৈরি করা যায়, দুর্যোগের প্রকারভেদ অনুযায়ী কী ধরণের প্রতিক্রিয়া জানাতে হয় এবং দুর্যোগকালীন সময়ের জন্য কী কী জরুরি সামগ্রী সংগ্রহে রাখা উচিত। একইসাথে নিউ ইয়র্ক রাজ্যব্যাপী জরুরি বার্তা প্রাপ্তির সুবিধা সম্পর্কেও সদস্যদের অবহিত করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক আর্মি ন্যাশনাল গার্ডের প্রতিনিধি ENS হালিনা ওপাটস্কা ও তাঁর সহকর্মী এগান অ্যান্থনি। তাঁরা একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ (যেমন হারিকেন, বন্যা, ভূমিকম্প), মানবসৃষ্ট দুর্যোগ (যেমন অগ্নিকাণ্ড বা নাশকতা), প্রযুক্তিগত দুর্ঘটনা এবং অতিমারির মতো মহামারির প্রেক্ষাপটে করণীয় বিষয়সমূহ তুলে ধরেন।
কর্মশালার শেষে ওপাটস্কা ও অ্যান্থনি জানান, “এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং দুর্যোগকালীন সময়ে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখার জন্য প্রস্তুত করে তোলা।”

এই প্রশিক্ষণ আয়োজন করা হয় আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের সদস্যদের জন্য, যাঁদের অনেকেই প্রবীণ বা বিশেষ যত্নপ্রয়োজনীয়। কর্মশালায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশ্নোত্তরে আগ্রহ লক্ষণীয় ছিল বলে আয়োজকরা জানান।
আশা গ্রুপ অব কম্পানিজের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান বলেন, “আশা হোম কেয়ার সবসময় সদস্যদের সুস্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। দুর্যোগকালীন সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতে আমরা হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করবো।”
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণটি সময়োপযোগী, তথ্যবহুল ও জীবনরক্ষাকারী হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আশা হোম কেয়ার এমন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে ও আরও সম্প্রসারিত করবে।




