রবিবার

,

১৫ই মার্চ, ২০২৬

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

এই নতুন কাঠামো আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এবং কুয়েতে নতুন শ্রমিক ভিসার জন্য এটি নিয়োগদাতাদের বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।

প্রতি বছর হাজারো বাংলাদেশি কুয়েত যান শ্রমিক হিসেবে। তবে এতদিন ধরে তাদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো ছিল না। এবার সেই শূন্যস্থান পূরণে, বাংলাদেশ দূতাবাস কুয়েতগামী প্রবাসীদের জন্য ন্যূনতম বেতনের একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করেছে।

এক বিজ্ঞপ্তিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চলতি বছর ১ আগস্ট থেকে কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত বেতন কাঠামো প্রযোজ্য হবে।

দূতাবাস জানায়, এ নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। নতুন কাঠামোয় গৃহকর্মী ১২০ দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনি ১৫০ দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৯০ দিনার, আকুদ আহলি অদক্ষ শ্রমিকদের জন্য ১২০, দক্ষ ড্রাইভার ১২০ এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৫০ দিনার বেতন ধার্য করা হয়েছে। সব বেতনই দৈনিক ৮ ঘণ্টা কাজের জন্য প্রযোজ্য।

বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগকে শ্রমিকবান্ধব ও সম্মানজনক হিসেবে দেখছেন কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করছেন, নতুন শ্রমিকদের জন্য এটি একটি ইতিবাচক সিদ্ধান্ত, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।

তবে তারা সতর্ক করে বলেছেন, বেতন কাঠামোর সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি। যেন বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতা না আসে, সে জন্য দূতাবাসকে কার্যকর নজরদারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে—এমন মত দিয়েছেন বেশিরভাগ প্রবাসী।