রবিবার

,

১৯শে জুলাই, ২০২৬

গ্র্যামি একাডেমির ভোটিং সদস্য হলেন বাংলাদেশী শামস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার নাগরিক ও এমি অ্যাওয়ার্ডজয়ী সংগীত পরিচালক শামস আহমেদ সম্প্রতি আমেরিকার সর্বোচ্চ সংগীত সম্মাননা প্রদানকারী প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমি (গ্র্যামি একাডেমি)-র ভোটিং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি তার পেশাগত জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে তিনি উল্লেখ করেছেন।

ভোটিং সদস্য হিসেবে শামস আহমেদ এখন গ্র্যামি পুরস্কারের মনোনয়ন ও বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে সরাসরি ভোট দিতে পারবেন।

এই অর্জন প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, “এই সম্মানজনক অবস্থানে আসতে হলে প্রথমে দুজন প্রতিষ্ঠিত সদস্যের সুপারিশ লাগে এবং পরে প্রেসিডেন্ট হার্ভে ম্যাসন জুনিয়রসহ শীর্ষ নেতৃত্বের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।”

তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি প্রান্তিক শিল্পীদের কণ্ঠ তুলে ধরতে এবং শিল্পজগতে আরও বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাই।”

২০২৩ সালে শামস আহমেদ প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে ৪৪তম স্পোর্টস এমি অ্যাওয়ার্ড জিতে আলোচনায় আসেন। সেই অর্জনকে তিনি বর্ণনা করেছিলেন “অবিশ্বাস্য” হিসেবে।

শামস আহমেদ নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বর্তমানে তিনি আমেরিকার নিউজার্সিতে বসবাস করেন। তাঁর বাবা ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহমেদ তারেক একজন প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠক ও গায়ক এবং মা রাজিয়া আহমেদ। তিনি প্রতিবছর আমেরিকার মুক্তধারা বইমেলায় ‘শৌখিন’ গানের দলের সঙ্গে অংশগ্রহণ করেন।

পারিবারিকভাবে তিনি সুপরিচিত এক সাংস্কৃতিক পরিবার থেকে এসেছেন। তিনি শহীদ ডা. সামসুদ্দিন আহমেদের নাতি এবং অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ ও ডা. ফাতেমা আহমেদের ভাতিজা।