ইরানে কয়েক সপ্তাহ সামরিক অভিযান চালানোর সব প্রস্তুতি নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা।
ওই কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই হামলা শুরু হবে। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগে দেখা যেকোনো সংঘাতের তুলনায় এটি ভয়াবাহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
তবে সংবেদনশীল তথ্য হওয়ায় রয়টার্সের কাছে নাম গোপন রেখেছেন ওই কর্মকর্তারা। তবে পরিকল্পনার খবর বাইরে আসায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় নিশ্চিতভাবে চাপ বৃদ্ধি করবে।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ওমানের মধ্যস্থতায় গত সপ্তাহে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকেরা।
যদিও বৈঠকের আগেই ট্রাম্প ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করায় নতুন করে সামরিক পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছিল। একটি বিমানবাহী রণতরির নেতৃত্বে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর পাঠিয়েছেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তারা গতকাল শুক্রবার বলেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠাচ্ছে। এর সঙ্গে কয়েক হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং হামলা চালানো ও হামলা প্রতিহত করার সক্ষমতাসম্পন্ন নানা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে।
এদিকে শুক্রবার নর্থ ক্য্যারোলাইনায় একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভয় দেখানো ছাড়া আর কোনো উপায় নেই।
তবে বার্তা সংস্থা রয়টার্সকে ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি পেন্টাগন।




