বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল ১২ লাখ ২৫ হাজার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইতোমধ্যেই রেকর্ড সংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৫ হাজার ৩৩ জন।

ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৫৬ হাজার ৭০৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬৮ হাজার ৩২৩ জন। এর মধ্যে ১১ হাজার ৩৮ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে, আর ১২ লাখ ১৩ হাজার ৯৯৫ জনের নিবন্ধন ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।

সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে বাংলাদেশ থেকেই—৫ লাখ ৩৫ হাজার ২৬৩ জন। এছাড়া সৌদি আরব, আমেরিকা, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, ভুটান, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ইথিওপিয়া, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, মরক্কো, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও ভোটাররা নিবন্ধন করেছেন।

এবারই প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ভোট দিতে পারবেন। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

নিবন্ধন অনুমোদিত হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগের পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর না হওয়ায় এবার আইটি সাপোর্টেড নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এতে প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।