বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমেরিকার নিউ ইয়র্কে আশা সোস্যাল এডাল্ট ডে কেয়ার-এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জ্যামাইকায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশা সোস্যাল এডাল্ট ডে কেয়ারের সদস্য হুমায়ুন কবির। দোয়ায় মরহুমার রূহের শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার বোরহানুস সুলতান, সাপ্তাহিক সাদাকালো পত্রিকার নির্বাহী সম্পাদক কাশেম মোহাম্মদ, আশা গ্রুপের সদস্য মাহফুজুল হক চৌধুরী, ফরমান হোসেনসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। দোয়ায় অংশ নেন আশা সোস্যাল এডাল্ট ডে কেয়ারের সদস্যরা।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন অন্যতম বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান আশা গ্রুপ অব কোম্পানিজ-এর কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘মা, মাটি ও মানুষের নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসনের এই প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতি হারালো আপোষহীন এক নেত্রীকে।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়া শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীন চলছিলো খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম।



