বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইফতেখার রিপন শরীফ (৩৪)। তিনি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রিপন ছিলেন বড়।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কাতারের আল খোর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ল্যান্ড ক্রুজারের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

কাতারে অবস্থানরত রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন জানান, সকালে বাসা থেকে নাশতা করতে বের হয়েছিলেন রিপন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়।

নিহতের প্রতিবেশী মো. আরমান জানান, গত বছরের রমজান মাসে ফ্রি ভিসায় কাতার যান রিপন। সেখানে তিনি একটি ক্লিনার কম্পানিতে চাকরি করছিলেন। দুর্ঘটনার পর তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে রিপনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন।